মরনের আবরনে স্মরণেরে যত্নে রাখি ঢাকি – পূরবী মৈত্র

মরনের আবরনে স্মরণেরে যত্নে রাখি ঢাকি
-পূরবী মৈত্র
২৬ সেপ্টেম্বর ২০২২
=========================
হৃদয় বিদারক সেই দিনটিতে কেঁদেছিল ভোর, কেঁদেছিল দিন, কেঁদেছিল রাত। তোমার প্রিয় স্বদেশভুমি সেও কি কেঁদেছিল? যার মুক্তির জন্য গোটা জীবনটাই বিলিয়ে দিলে। কারান্তরালে কেটে গেল চৌদ্দটি বছর। সেদিন কি কেঁদেছিল তোমার প্রিয় বন্ধুমহল? কেঁদেছে কি তোমার ভুলবাড়িয়া গ্রাম? সেই পাঠশালা, যেখানে তোমার প্রথম হাতেখড়ি!

সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি ছিল সোনার বাড়া।

কেঁদেছে কি তোমার শৈশবের সেই ফুলঝুপি আমগাছ, কদমগাছ, চিরলপাতা নিমগাছের হাল্কা হাওয়া? আম জাম কাঁঠাল আর বাতাবি লেবুর মৌ মৌ গন্ধ? দোয়েল শ্যামা খঞ্জনেরা? কেঁদেছে কি তোমার জারি, সারি, কীর্ত্তন আর ভাওয়াইয়া গান? কেঁদেছে কি তোমার সেই প্রিয় পত্রিকাগুলি? প্রথম আলো, কালের কন্ঠ, যুগান্তর, জনকণ্ঠ, যায় যায় দিন, সংবাদ, সমকাল, কালবেলা? আরো অনেক। প্রতিদিন যে কাগজগুলির বুক ভরে উঠতো তোমার বস্তুনিষ্ঠ সংবাদে। হাজারো সমস্যার মোকাবেলায়, নির্যাতিত মানুষের কথায়। কেঁদেছে কি তোমার অসাম্প্রদায়িক চিন্তাধারা “আজীবন অর্থনৈতিক প্রতিকুলতা”, তোমার দেশপ্রেম আজীবন আপোষহীন সংগ্রাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ? সমাজ বদলের এক স্বপ্নবাজ ছিলে তুমি। মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি ত্যাগী এক সংগ্রামী জীবন। আদর্শের এক উজ্জ্বল বাতিঘর।

বিচিত্র তোমার জীবনের আলেখ্য। কোথায় হারিয়ে গেলে? আর কোনদিন কি ফিরে আসবেনা? এইদিনে দেবলোক থেকে ঝরে পড়ুক তোমার পরে অজস্র পারিজাতের পাঁপড়ি। ধন্য হোক তোমার মনুষ্য জন্ম।
প্রণাম 🙏🙏🙏

পূরবী মৈত্র
Comments (0)
Add Comment