বান্দরবান জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল সাঈদ : পার্বত্য জেলা বান্দরবানে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড, ০৭ ফিল্ড অ্যাম্বুলেন্স ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নারী, শিশু, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ রাজার মাঠে এসে ভিড় করেন। ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী ব্যক্তিদের নির্দিষ্ট কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ব্যবস্থাপত্র সংগ্রহের পর চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা চিকিৎসাসেবা নিতে আগ্রহী তারা **আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটের দিকে** রাজার মাঠে উপস্থিত হয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ব্যবস্থাপত্র সংগ্রহ করতে পারবেন।
এদিকে, মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালনা ও আগত রোগীদের সহযোগিতায় বান্দরবানের বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন। তারা রোগীদের রেজিস্ট্রেশন, শৃঙ্খলা বজায় রাখা, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং ক্যাম্পে আসা নারী, শিশু ও বয়স্কদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।
সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের এমন মানবিক ও সহযোগিতামূলক ভূমিকা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।