উঠে বসে হালে নায়
আবু জাফর দিলু
সময়ের সাথে বদলিয়ে মুখ
এ মানুষগুলো হাঁটে,
যখন যেমন তখন তেমন
লুকোচুরি শ্রমে খাটে।
ছায়াবিথি তরু মিহিদানা মত
মিশালেই মিশে যায়,
চোখকথা বলে সম্মুখে চলে
উঠে বসে হালে নায়।
রঙ বেরঙের ছলাকলা জানে
যেখানে যেমন লাগে,
ডালপালা নয় যেন সে কাণ্ড
কম নেই শতভাগে।
কদাচিৎ যদি ঘুরে যায় চাকা
সেথায়ও আগে থাকে,
ধূর্ত শিয়াল বসে সিংহাসনে
ছল চাতুরির বাঁকে।
২৪ অক্টোবর ২০২৬,
ফরিদপুর।