পাহাড়ে জুমের ধান কাটা শুরু,সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন
মো:শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : পাহাড়ে জুমের ধান কাটা শুরু হয়েছে জুমের ধান কাটা।
প্রকৃতিনির্ভর পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের ঢালু ভূমিতে উৎপাদিত জুমের পাকা ধান কাটা শুরু হয়েছে। শরৎকালের এ মৌসুমে সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন হয়ে উঠেছে। চোখ যতদূর যায়— কোথাও সবুজ আবার কোথাও হলুদাভ সোনালী পাকা ধান দোল খাচ্ছে পাহাড়ি জুমক্ষেতে। তৃপ্তির হাসি জুমিয়াদের মুখে। এবছর সময়মতো বৃষ্টি হওয়ার কারণে ধান তাড়াতাড়ি বপন করা সম্ভব হয়েছে।
ফলে ফলনও ভালো হয়েছে। তাই সবুজ পাহাড়এখন সোনালি রঙে রঙিন। জুমের অনেক ক্ষেতেই ধান পাকতে শুরু করেছে। কেউ কেউ ধান কেটে নিচ্ছেন, আবার অনেক চাষি অপেক্ষা করছেন আরও কয়েকদিনের জন্য। শিগগিরই বৃহৎ আকারে অধিকাংশ এলাকায় ধান কাটা শুরু হবে বলে আশা করছেন জুমচাষিরা।
ধান কাটার আগে জুমচাষিরা মিষ্টি কুমড়া, ভুট্টা, মারফা, চিনালসহ বিভিন্ন সাথী ফসল সংগ্রহ শুরু করেছেন। এ কারণে তিন পার্বত্য জেলা— বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির দুর্গম এলাকায় এখন জুমচাষিদের ব্যস্ত সময় কাটছে। জুম আবাদ ঘিরে চলছে এক বিশাল কর্ম।
বর্তমানে জেলা শহরের আশেপাশে জুম আবাদ খুব একটা দেখা যায় না। জনসংখ্যা বৃদ্ধি, জমি সংকট ও বাগান চাষের কারণে জুম আবাদ সীমিত হয়ে এসেছে। এখন মূলত ঐতিহ্য ধরে রাখা এবং সাথী ফসল উৎপাদনের জন্য ছোট আকারে জুম করা হয়।
সাধারণত জুমের ধান গাছ মানুষের কোমর সমান হয়ে থাকে। কিন্তু এবছর জুমের ধান বুক থেকে গলা সমান উঁচু হয়েছে।