বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু পৌর বিনোদন পার্ক পরিষ্কার – পরিচ্ছন্নতায় মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকা পাবনা

0

নিজস্ব প্রতিনিধি : পাবনা শহরের অন্যতম পরিচিত ও ঐতিহ্যবাহী বিনোদনকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু পৌর বিনোদন পার্ক (জুবলি ট্যাংক) পুকুর ও এর আশপাশের পরিবেশ রক্ষায় একটি ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম করেছে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও সেচ্ছাসেবী সংগঠন পিপিলিকা পাবনা।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার মানুষের পৌর এলাকার একমাত্র বিনোদনের এই গুরুত্বপূর্ণ পার্কের পরিষ্কার- পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর করে তুলতেই মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।

বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন পৌর বিনোদন পার্ক (জুবলি ট্যাংক) দীর্ঘদিন ধরে পাবনা শহরের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত বিনোদন পার্ক । বিশেষ করে ঈদের সময় এটি পরিণত হয় অন্যতম জনপ্রিয় ঘুরে বেড়ানোর বিনোদন কেন্দ্রে। তবে দীর্ঘদিন তদারকির অভাব এবং পুকুরে নির্বিচারে ময়লা-আবর্জনা ফেলার ফলে এর পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে গোসলকারীদের মধ্যে চর্মরোগের ঝুঁকি তৈরি হয়েছে, পার্ক এলাকায় সৃষ্টি হয়েছে দুর্গন্ধ এবং মশার উপদ্রবও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি দূষণের কারণে মাছ মারা যাওয়ার ঘটনাও ঘটছে, ফলে অনেকেই এখন এখানে গোসল করা বন্ধ করে দিয়েছেন।

মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও সেচ্ছাসেবী সংগঠন পিপিলিকা পাবনার উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় স্বেচ্ছাসেবকরা পুকুর ও এর পাড়ে জমে থাকা আবর্জনা অপসারণ, আশপাশের এলাকা পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন।

অনুষ্ঠানে প্রাচীন এ পুকুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, দৈনিক সিনসা’র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, পিপিলিকার প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াস আহমেদ হিমেল রানা, মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি নীল বিশ্বাস এবং এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ।

বক্তারা বলেন, এই উদ্যোগ একদিনের নয়; বরং নিয়মিত তদারকির মাধ্যমে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মনির হাসান ফরিদ, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল্লাহ হোসেন, যুবনেতা জামিরুল ইসলাম বাপ্পি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, একসময় জুবলি ট্যাংকের পানি পান করা ও রান্নার কাজেও ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে দূষণের কারণে এর ব্যবহার অনেকাংশে সীমিত হয়ে পড়েছে। এই বাস্তবতায় স্থানটির ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয়রা।

মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ইতোমধ্যে নগদ সহায়তা প্রদান, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, রমজানে ইফতার ও সেহেরি বিতরণ এবং ঈদ উপলক্ষে পোশাক বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। অপরদিকে পিপিলিকা একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে নিয়মিত জনকল্যাণমূলক কাজ করে আসছে।

উদ্যোক্তারা সকল নাগরিককে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান, যাতে জুবলি ট্যাংক আবারও তার আগের সৌন্দর্য ফিরে পায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.