মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল
আব্দুল্লাহ আল সাঈদ, বান্দরবান :
বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে মিসেস ম্যামাচিং মার্মা কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ই আগস্ট (রবিবার) দুপুরে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল এর মাধ্যমে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে গণসংবর্ধনা অনুষ্ঠানে সকলে একত্রিত হন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস ম্যামাচিং মার্মা, আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য লুসাই মং মার্মা, মোঃ আবিদুর রহমান, মোঃ শাহাদাত হোসেন জনি, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য চনুমং মার্মা, সদস্য এডভোকেট নুমেচিং মার্মা, এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এবং সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোঃ জসিম উদ্দিন তুষার এছাড়াও জেলার সাতটি উপজেলা ও দুই পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অভিজ্ঞ রাজনীতিক মিসেস ম্যামাচিং মার্মা কে দায়িত্ব দেওয়ায় পাহাড়ে উন্নয়নের নতুন গতি সঞ্চার হবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সমান উন্নয়ন নিশ্চিত করে শিক্ষা, যোগাযোগ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর এই নেতৃত্ব বান্দরবানকে আরোও এগিয়ে নেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা। তাই দলমত নির্বিশেষে সবাইকে নতুন চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করে একটি উন্নত ও সমৃদ্ধ বান্দরবান গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য: এর আগে গত ২০ই আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মিসেস মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন এই পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মিসেস মাম্যাচিং এর আগেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি জেলা বিএনপির সভাপতি হিসেবেও মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।