ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

0

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এ সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত আইন অনুষদের ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, আইন বিভাগ সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন।

সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত রোকোনুজ্জামান রায়হান বলেন,”​আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও তৃপ্তিকর। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে প্রতিকূল অবস্থা, ক্লাস রুমের সংকট ও শিক্ষক স্বল্পতার মধ্য দিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। তবে আইন বিভাগের সম্মানিত শিক্ষকদের আন্তরিকতা এবং প্রতিকূলতার মাঝেও প্রতিবার সিনিয়রদের বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার অনুপ্রেরণা আমাদের স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।

​তিনি আরও উল্লেখ করেন, প্রথমবারই মহান আল্লাহ তায়ালা আমাকে বিচারক হিসেবে কবুল করেছেন। তিনি উপস্থিত সবাইকে শুরু থেকেই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সিলেবাস বিশ্লেষণ করে সাধারণ ও আইন উভয় অংশকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেন্ট্রাল লাইব্রেরিতে স্টাডি স্পেস বা জব কর্নার আরও বাড়ানোর এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন মহোদয়কেও অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
​
উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘সুপারিশপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা। দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষাব্যবস্থায় দেশের সকল শ্রেণির মানুষের কন্ট্রিবিউশন রয়েছে, আপনারাও সেই বিবেচনায় দায়িত্ব পালন করবেন। সবার ওপরে সৃষ্টিকর্তা রয়েছেন, তা বিবেচনায় বিবেক বুদ্ধি দিয়ে তোমাদের দায়িত্ব পালন করা উচিত। একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী আইন অঙ্গনে নিয়োজিত রয়েছে। আইন বিভাগ একটি বহুমুখী বিভাগ। এর শিক্ষার্থীদের নানামুখী পেশায় কাজ করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আমরা বিভিন্ন কাজের উদ্যোগ নিচ্ছি।’

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.