আহফিন হাসান ইবি প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সরকার ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৪ অক্টোবর) এই উদ্যোগ নেয় প্রশাসন।
এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝাল চত্বরে গিয়ে পরিচ্ছন্নতা অভিযান।করে। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়ে সতর্ক করা হয়।
কর্মসূচিটির উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমি প্রথমেই বলতে চাই এই যাত্রাটা শুধুমাত্র একদিনের আনুষ্ঠানিকতা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী বিষয়। ডেঙ্গু ইতিমধ্যেই মহামারী আকার ধারণ করেছে। এটি শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা যদি ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হই, তাহলে আমাদেরও এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেটিকেই লক্ষ্য রেখেই আমরা এই কর্মসূচিটি নিয়েছি।
তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এটিকে আমরা বাংলাদেশের একটি অন্যতম মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো অনুসরণ করবে। এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। একাডেমিক উন্নতি থেকে শুরু করে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করা এবং এরই ধারাবাহিকতায় এই ক্যাম্পাসকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে রুপান্তর করাই আমাদের লক্ষ্য।