ইবি প্রতিনিধি: আওয়ামী লীগের সন্ত্রাসীদের সুযোগ দিচ্ছে প্রশাসন, পুলিশের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, “গোপালগঞ্জে বিএনপির এমপির ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগ, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেখানে গ্রেপ্তার কর্মসূচি নাই। আমরা শুনেছি গোপালগঞ্জের নতুন যে এসপিকে নেওয়া হয়েছে সে দিনভর গ্রেপ্তার করে আর রাতের বেলায় সবাইকে আবার ছেড়ে দেয়, কোর্টে চালান করে না।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি
তিনি আরও বলেন, “আমরা আরও দেখেছি পুলিশের থানা জ্বালিয়ে দেওয়ার যে প্রধান আসামি সে পুলিশের সাথে কোলাকুলি করে এরপরে বিরিয়ানি রান্না করে একসাথে খাওয়ার জন্য আয়োজনও করা হয়েছে। এবং পুলিশও কাঁধে কাঁধ মিলিয়ে এটা যে আওয়ামী দোসর ছিল এগুলো বুঝানোর জন্য চেষ্টা করছে আমরা আপনাদের সাথে আছি। এটার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোন নিয়ন্ত্রণ এই প্রশাসনের উপরে, পুলিশের উপরে টোটালি নাই অথবা ইচ্ছা করেই সে এই নিয়ন্ত্রণগুলো নিচ্ছে না অথবা আওয়ামী লীগকে তারা স্কোপ দিচ্ছে।”
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কথা এবং বাইরে বাস্তবতার ভিতরে আমরা আকাশ জমিন পার্থক্য দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কয়েকজন বাসে অগ্নিসংযোগ করার কারণে ইতিমধ্যেই মারা গিয়েছে কিন্তু তার কোন প্রতিকার আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো পদক্ষেপ আমরা নিতে দেখি নাই। এবং এই সন্ত্রাসীদের স্কোপ দেওয়ার কাজটা কেন করছে? এই জবাবটাও জনগণের কাছে ক্লিয়ার না।”
তিনি আরও বলেন, “জনগণ এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। আর এর দায় প্রধানমন্ত্রীরসহ স্বরাষ্ট্রমন্ত্রীরও আছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন, নিজের মন্ত্রণালয়ের এত অব্যবস্থাপনা এবং দেশে অরাজক পরিস্থিতির ক্ষেত্রে তার ভূমিকা একেবারেই নগণ্য এবং তুচ্ছ পর্যায়ে আমরা লক্ষ্য করছি। সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ না নেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য একজন মন্ত্রীকে এখানে যদি না বসায়, এর দায় দায়িত্ব এবং সামনে যে পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এর সম্পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে।”
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চলোনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, সংগঠনটির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান ও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।