ইবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকবৃন্দ।
সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ।
মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ ক্যাম্পাসে কর্তব্যরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তাদের চোখে কালো কাপড় বেধে প্রতিবাদ করতে দেখা যায়। এসময় তারা “অন্যায় দেখলে সাংবাদিক বলবে রক্ত ঝড়লেও কলম চলবে”, “প্রক্টর স্যার অসহায় পুলিশ লেজগুটিয়ে পালায় সন্ত্রাসীরা দেশ চালায়”, “সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করুন”, “সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলা” সহ বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন।
উল্লেখ্য, রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ হামলার ঘটনায় ৫ জন গুরুতর সহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।