বিভাগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করা যাবে না: ইবি উপ-উপাচার্য”

আহফিন হাসান, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেছেন, বিভাগের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্বগ্রহণ কালে তিনি এ কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন–বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. মুন্সি মুর্তজা আলী, আল ফিকহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন, জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় প্রমুখ।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কোন ঘটনা বিভাগের কার্যক্রমে জটিলতা তৈরি করতে না পারে। এমন হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কোনো ধরণের ক্ষতি চায় না। আমাদের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে ভালো করবে—সেটাই আমাদের প্রত্যাশা।

তিনি আর‌ও বলেন, বিজেএসসহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের নাম সারা দেশে উজ্জ্বল করছে। শিক্ষার্থীদের এই অর্জন ধরে রাখতে তাদের স্বার্থ রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইবি
Comments (0)
Add Comment