নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়সহ (ইবি) দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝাল চত্বরে গিয়ে তা শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল— ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’, ‘এখন আছে হিন্দুস্তান, দেশে ফিরলে গোরস্থান’ এবং ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, “ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি, বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এসব কর্মকাণ্ড রাজপথে মোকাবিলা করবে। নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। বাংলাদেশে যাতে কোনো ছাত্রসংগঠন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা সবসময় রাজপথে আছি।”

তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কোনো ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদী শক্তির ঠাঁই এ ক্যাম্পাসে কিংবা বাংলাদেশে হবে না।”

ইবিতে ছাত্রদলের বিক্ষোভ
Comments (0)
Add Comment