নানা আয়োজনে ইবিতে উদযাপিত হলো বিশ্ব পর্যটন দিবস

আহফিন হাসান,ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইবি, এআই, রোবটিক্স দিয়ে ভবিষ্যতের আধুনিক ও প্রযুক্তিনির্ভর পর্যটন সম্ভাবনা তুলে ধরতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। বর্ণাঢ্য র‍্যালি, ফুড ফেস্টিভালসহ নানা আয়োজনের মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে কৃষক, জেলে, বাউল, আদিবাসী ও ট্যুরিজমের চাকরির ক্ষেত্র ভিত্তিক পোশাক পরিধান করে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ড. আফরোজা বুলবুল, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক নাছির মিয়া, সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুড ফেস্টিভালে এসে শেষ হয়। ফুড ফেস্টিভালে বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে দেশীয় খাবার, পিঠা, কেক, কসমেটিক নিয়ে অংশ নেন বসে। পাশাপাশি বাংলাদশের জনপ্রিয় কিছু পর্যটন এলাকে পরিচিত করিয়ে দিতে কয়েকটি স্টল সাজায় শিক্ষার্থীরা।

পিনন হাদি পরিহিত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী বলেন, আজকে আমি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাকমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের ঐতিহ্যবাহী পিনন হাদি পোশাক পরিধান করে বিশ্ব পর্যটন দিবসের র‍্যালিতে অংশগ্রহণ করেছি। যা আমাদের বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে। 

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সালেহা রহমান অহনা বলেন, আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে আমি বাউলের চরিত্রে অংশ নিয়েছি। কুষ্টিয়া একটি সমৃদ্ধ সাংস্কৃতিক জেলা হওয়ায় লালনের বাউল সংস্কৃতিকে তুলে ধরতেই এই ভূমিকা বেছে নেওয়া হয়েছে। লালনের মাজার আমাদের বিভাগের সঙ্গেও সম্পর্কিত, কারণ সেখানে দেশ-বিদেশের অনেক পর্যটক আসেন এবং বাউল সংস্কৃতি উপভোগ করেন। এর মাধ্যমে পর্যটন বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। তাই আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে ইতিবাচক কিছু করারই আমাদের এই প্রচেষ্টা।

বিভাগের শিক্ষার্থী বাপ্পি মজুমদার শুভ বলেন, আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে আমাদের জেলার বিভিন্ন পর্যটন ও ঐতিহ্যবাহী স্থানকে তুলে ধরতে স্যার ও ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমরা দিনটি উদযাপন করেছি। বিশ্বজুড়ে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে এখনও এটি সেভাবে উদযাপিত হয় না। আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও হেরিটেজ সম্পর্কে সবাইকে জানানো এবং পর্যটনের প্রতি আগ্রহ তৈরি করাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামিন মাসুম বলেন, আমাদের বিভাগের পক্ষ থেকে নানামুখী কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, ট্যুরিজম একটি সম্প্রসারণশীল শিল্প এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি- যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স ও বিগ ডাটা অ্যানালিটিক্স ট্যুরিজমের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতের আধুনিক ও প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা ও কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে ও সহযোগিতা করবে। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বাড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিস্ট’ ঘোষিত এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।

বিশ্ব পর্যটন দিবস
Comments (0)
Add Comment