ইবিতে জলালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জুবেল-মুসা
আহফিন হাসান, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জলালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জুবেল হুসাইন ও সাধারণ সম্পাদক হিসাবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মুসা খান দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
এবং দায়িত্বপ্রাপ্তদের আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
এ সময় সংগঠনটির সাবেক সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইনজামুল হক এবং প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মুসা খান বলেন, জলালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। সংগঠনের সকল সদস্যের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। নবীনদের সহযোগিতা, সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমাদের লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সভাপতি জুবেল হুসাইন বলেন, আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও কল্যাণে সংগঠনকে একটি আস্থার জায়গা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।