বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত
মো:শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন ৩৫-৩৬নং পিলারের মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে রকি আলম (২৬) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মাইন বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা জানায়, আহত রকি আলমকে তার স্বজনরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে আসেন এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন। সীমান্ত পার হয়ে এপারে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষ ও রোহিঙ্গারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘আহত যুবক বাংলাদেশের বা ক্যাম্পের বাসিন্দা নয়। তাই বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।’
উল্লেখ্য, সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে গত কয়েক মাসে একাধিক মাইন বিস্ফোরণে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।