প্রতিষ্ঠার ৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: ছাত্রসংগঠনগুলোর প্রাপ্তি, সংকট ও আগামীর প্রত্যাশা
আহফিন হাসান, ইবি প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
প্রতিষ্ঠার চার যুগ পেরিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়টির প্রাপ্তি-অপ্রাপ্তি, আবাসন ও গবেষণা সংকট এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কথা বলেছেন ক্যাম্পাসের চারটি সক্রিয় ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।
প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে বিচ্যুতি, দীর্ঘদিনের সেশনজট, শিক্ষক নিয়োগে অনিয়ম, অমীমাংসিত হত্যাকাণ্ডের বিচার এবং শতভাগ আবাসিকতা নিশ্চিতের দাবি উঠে এসেছে তাঁদের কণ্ঠে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীসহ স্বপ্নদ্রষ্টাদের মূল লক্ষ্য ছিল ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন এবং আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। কিন্তু দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়টি সেই মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে বলে মনে করে ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির সভাপতি জানান, প্রতিষ্ঠালগ্নে হলে জেনারেল ও মাদ্রাসা শিক্ষার্থীদের একসঙ্গে রেখে জ্ঞানের আদান-প্রদানের যে সংস্কৃতি ছিল, তা হারিয়ে গেছে। বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অযোগ্য ও মাদকাসক্ত শিক্ষক নিয়োগের কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র পাঁচ হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা থাকাকে চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তাঁরা উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মতো আধুনিক লাইব্রেরি ও শতভাগ আবাসিকতা নিশ্চিতের দাবি জানান।
ক্যাম্পাসে নিজেদের অর্জন ও ত্যাগের বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের অধিকার আদায়ই তাঁদের মূল অর্জন। মেধার ভিত্তিতে হলের সিট বরাদ্দ ও শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে তাঁদের পাঁচজন নেতা-কর্মী শহীদ হয়েছেন এবং দুজন গুমের শিকার হয়েছেন। নিখোঁজ দুই ভাইকে দ্রুত ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সব ছাত্রসংগঠন ও প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনটির মতে, কেবল সনদ বিতরণের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণ হয় না এর জন্য প্রয়োজন মেধাবী শিক্ষার্থী ও মানসম্মত গবেষণা। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানিয়ে তাঁরা দাবি করেন, মূল সনদ প্রাপ্তির অধিকার নিশ্চিতে এখন থেকে প্রতিবছর নিয়মিত সমাবর্তন আয়োজন করতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের কল্যাণে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, হলের খাবারের মানোন্নয়ন এবং সেশনজট নিরসনে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ক্যাম্পাসের পরিবহন সংকট দূর করা এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন সংগঠনটির প্রতিনিধিরা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী পরিচয় ও আদর্শিক অর্জন প্রায় শূন্যের কোঠায় বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতাদের মতে, ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় এখানে ঘটেনি।
তাঁরা উল্লেখ করেন, মালয়েশিয়া ও পাকিস্তানের ইসলামিক ইউনিভার্সিটির আদলে যে শিক্ষা কাঠামো ও কারিকুলাম নিয়ে ইবি যাত্রা শুরু করেছিল, সেখান থেকে বিশ্ববিদ্যালয়টি পদস্খলিত হয়েছে। কেবল থিওলজি অনুষদ ছাড়া প্রতিষ্ঠার মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর কোনো কাঠামো গড়ে ওঠেনি। তবে সীমাবদ্ধতার মধ্যেও এখান থেকে দেশসেরা কিছু স্কলার তৈরি হওয়া এবং শিক্ষকদের জাতীয় পর্যায়ে গবেষণার স্বীকৃতিকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন তাঁরা।
আগামীর ইবিকে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মতো শিক্ষা কারিকুলাম ও অবকাঠামো সংস্কারের দাবি জানান তাঁরা। পাশাপাশি অনার্স-মাস্টার্স শেষে সনদ উত্তোলনে প্রশাসনিক জটিলতা নিরসন, চিকিৎসাকেন্দ্রের সেবার মানোন্নয়ন এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাবনা প্রশাসনের কাছে তুলে ধরেন।
জাতীয় ছাত্রশক্তি
নতুন সংগঠন হিসেবে গত কয়েক মাসে শিক্ষার্থীদের নৈতিক ও ইস্যুভিত্তিক দাবি-দাওয়ার পক্ষে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারাকেই নিজেদের বড় সাফল্য হিসেবে দেখছে জাতীয় ছাত্রশক্তি।
৪৮ বছরের সবচেয়ে বড় অপ্রাপ্তি ও হারানোর জায়গা হিসেবে সংগঠনটি ক্যাম্পাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারহীনতাকে সামনে এনেছে। বিশেষ করে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ এবং শিক্ষক রুনা ম্যামের হত্যাকাণ্ডের বিচারে প্রশাসনের দৃশ্যমান সদিচ্ছার অভাবকে তাঁরা চরম ব্যর্থতা বলে অভিহিত করেন। এ ছাড়া ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র চার হাজার শিক্ষার্থীর আবাসন, গবেষণার অনুন্নত পরিবেশ এবং মতপ্রকাশের ঘাটতিকে বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়।
পুরাতন ও বর্তমান ইবির তুলনা করে তাঁরা বলেন, শুরুতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি হলেও মধ্যবর্তী সময়ে রাজনৈতিক হানাহানি ও সেশনজটে বিশ্ববিদ্যালয়টি র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে পড়েছে। তবে নারী ও অমুসলিম শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সৃষ্টি এবং বর্তমান প্রশাসনের সমাবর্তন আয়োজনের মতো উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।
ভবিষ্যৎ পরিকল্পনায় জাতীয় ছাত্রশক্তি দুটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, শতভাগ আবাসন, গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি জানিয়েছে যাতে গবেষণায় নিবেদিত শিক্ষক এবং বাইরে ব্যবসায়িক কাজে ব্যস্ত শিক্ষকদের মূল্যায়ন এক না হয়। পাশাপাশি মূল নকশা অনুযায়ী কেন্দ্রীয় মসজিদ নির্মাণ, হিন্দু শিক্ষার্থীদের জন্য স্থায়ী মন্দির স্থাপন এবং ক্যাম্পাসে সব ধর্ম, বর্ণ ও পোশাকের স্বাধীনতার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি