পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ ঘটনার সুষ্ঠ বিচার দাবিতে বান্দরবান আবু সাইদ মুক্তা মঞ্চের সামনে পিসিসিপির মানববন্ধন

0

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক ধর্ষণ ঘটনাগুলোর সুষ্ঠু বিচার ও প্রথাগত বিচারের নামে অপরাধ ধামাচাপা দেওয়ার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে বান্দরবান প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ ক্রমেই বেড়ে চলেছে, অথচ অনেক ক্ষেত্রে প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রথাগত বিচারের নামে অপরাধীদের রক্ষা করা হচ্ছে। এই ধরনের ধামাচাপা শুধু ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে না, বরং অপরাধীদের উৎসাহিত করছে। প্রশাসন ও রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে এখনই কঠোর অবস্থান নিতে হবে।”

বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতা আসিফ ইকবাল, হাবিব আল মাহামুদসহ আরও অনেকে।
বক্তারা বলেন—“কাপ্তাই, মাটিরাঙা ও পানছড়িতে সংঘটিত সাম্প্রতিক ধর্ষণ ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই আপসযোগ্য নয়।”

বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই টাকার বিনিময়ে প্রথাগত বিচারের নামে অপরাধীদের বাঁচিয়ে দেওয়া হচ্ছে। এটি শুধু অন্যায় নয়, সমাজের জন্য ভয়াবহ উদাহরণ।

মানববন্ধনে পিসিসিপি তিন দফা দাবি উত্থাপন করে—
১। ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা।
২। প্রথাগত বিচারের নামে অপরাধ ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা।
৩। রাষ্ট্রীয় আইনের মাধ্যমে পাহাড়ি নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।

বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা কোনো সম্প্রদায় বা শ্রেণির বিষয় নয়—এটি পুরো সমাজের সমস্যা। তাই সবাইকে এগিয়ে এসে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।”

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.