মহেশখালীর জলেয়ার মার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ ও এস.এস.সি ফরম পূরণ সম্পন্ন
ইয়াছিন আরাফাত অনিক, মহেশখালী : মহেশখালী উপজেলার শাপলাপুরে অবস্থিত জলেয়ার মার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ ও এস.এস.সি পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
তাছাড়া, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির যেসকল শিক্ষার্থী এখনো ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই সংগ্রহ করে নাই, তাহেরকে আগামী ১১ জানুয়ারি’র মধ্যে পাঠ্যবই সংগ্রহ করে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এছাড়া গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং হতে এস.এস.সি পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে গত ৭ জানুয়ারি অত্র বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন বলেন,“শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারায় আমরা আনন্দিত। এটি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়ক হবে। পাশাপাশি এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।”
বই বিতরণ শেষে শিক্ষার্থীরা জানায়, বিনামূল্যে নতুন বই পাওয়ায় তাদের পড়াশোনার আগ্রহ বেড়েছে এবং তারা নিয়মিত অধ্যয়নের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় অভিভাবকরা বলেন, সময়মতো বিনামূল্যে বই বিতরণ ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়েছে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়েছে। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে। ###