বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানের সাথে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খানের সঙ্গে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য জনাব মোঃ এমদাদুল হক, প্রফেসর ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, প্রফেসর ড. মোঃ শাহ এমরান এবং প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও পরিচালক (অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ এবং কাউন্সিল সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
৩১ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ. কে. এম. মাহবুবুজ্জামান। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মোঃ আবুবকর সিদ্দিক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ নূর নবী, পরিচালক, আউকিউএসি, মো. মাসুদ রেজা, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, মোঃ সালাহ্ উদ্দীন আল ফারুক এবং ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ জাকারিয়া আলম (মামুন)।
সভায় বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধানে অ্যাক্রেডিটেশনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, গুণগতমান নিশ্চিতকরণ ব্যবস্থা এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও প্রশ্ন উপস্থাপন করা হয়।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও পূর্ণকালীন সদস্যগণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটি কার্যকর গুনগত পরিবেশ প্রতিষ্ঠা, ফলাফলভিত্তিক শিক্ষা ও মূল্যায়ন, প্রমাণভিত্তিক গুণগতমান নিশ্চিতকরণ, এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপসহ ইন্টেন্ট টু অ্যাপ্লাই করার ব্যাপারে আলোচনা করা হয়। একই সঙ্গে অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও মানসম্মত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এই সময় কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় উল্লেখ করেন যে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল নিয়ন্ত্রক সংস্থা নয় বরং সহযোগী সংস্থা হিসেবে কাজ করতে চায়। একটি অথবা দুটি প্রোগ্রামকে বিশেষ গুরুত্ত্ব দিয়ে ইন্টেন্ট টু অ্যাপ্লাই করতে বলা হয়।
মতবিনিময় সভায় দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষার আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধি এবং শিল্প ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষায় গুণগতমানের সংস্কৃতি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মান অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চলমান উদ্যোগের প্রতি তাদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সুবিধাজনক সময় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় এবং পূর্ণকালীন সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উক্ত বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।