পাবনায় ভোক্তা অধিকারের বাজার অভিযান : ৫ প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা, একটির গোডাউন সিলগালা

0

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে একটি প্রতিষ্ঠানের গোডাউন সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার শালগাড়িয়া বাজার, টার্মিনাল রোড বাজার ও অনন্ত বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শালগাড়িয়া বাজারে আবির এগ্রো ফুড এন্ড বেভারেজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে ফাতেমা ফুড এন্ড বেভারেজকে আইনের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানের গোডাউনটি সিলগালা করা হয়।

পরে টার্মিনাল রোড বাজারে পাবনা পেট্রোলিয়াম এজেন্সিকে ৪৫ ধারায় ২৫ হাজার টাকা এবং ইলিয়াস স্টোরকে ৫২ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাবনা পেট্রোলিয়াম এজেন্সি নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রি করছিল ।

এছাড়া অনন্ত বাজারে সোহেলের জিলাপি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিনটি বাজারে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার অভিযানে সহায়তা করেন পাবনা জেলা ক্যাব, পাবনা জেলা পুলিশ ও র‌্যাবের একটি চৌকস টিম।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.