ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র্যাব-১৫ বিশেষ ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা জোরদার
বান্দরবান জেলা প্রতিনিধি, আবদুল্লাহ আল সাঈদ : মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
আর এই ঈদকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়। পাহাড়ি অঞ্চলের এই পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ মানুষের সমাগমকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বান্দরবান র্যাব-১৫।
আজ ২৩ই মে শনিবার সকাল ১১:০০ টায় বান্দরবানের পশুর হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করার তাগিদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঈদের বাজারকে কেন্দ্র করে জাল নোটের কারবার, অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং চাঁদাবাজ চক্রের যেকোনো অপতৎপরতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে র্যাব।
এ সময় বান্দরবান র্যাব-১৫ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে পশু কেনাবেচা করতে পারেন, সেজন্য আমরা প্রতিটি হাটে বিশেষ নজরদারি রাখছি। সাদা পোশাকেও আমাদের গোয়েন্দা নজরদারি চলছে। কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের টাকা-পয়সা লেনদেনের নিরাপত্তার জন্য হাটে বিশেষ নজরদারির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাহাড়ি এই দুর্গম অঞ্চলে উৎসবের আমেজ বজায় রাখতে ঈদের দিন পর্যন্ত র্যাবের এই বিশেষ নিরাপত্তা ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।