নোবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নোবিপ্রবি প্রতিনিধি ; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এই কর্মসূচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী প্রতিবছরের মতো এবারও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান ও সদস্য সচিব সাহারাজ উদ্দিন জিহানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
জাহিদ হাসান বলেন, “জলবায়ু পরিবর্তন, দূষণ ও বৈশ্বিক উষ্ণতা আজ আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে হলে এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়—আমরা চাই এটি একটি সচেতনতা ও দায়িত্ববোধের আন্দোলনে পরিণত হোক।”
সদস্য সচিব সাহারাজ উদ্দিন জিহান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে তাদের রাজনীতি করে। এই ধারাবাহিকতায় আমরা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও পজিটিভ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলকে আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলবো।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাব্বির হাসান শান্ত, আমিনুল ইসলাম, সাখাওয়াত হোসেন সায়েম, মামুন হাসান, এহসানুল করিম আসিফ, মোহাম্মদ আলী, মাহমুদুল হাসান দুর্জয়, বুলবুল ইসলাম, মোজাম্মেল হোসেন রিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি নিয়মিতভাবে পালন করা হবে।