বান্দরবান ৩০০নং আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী

0

আব্দুল্লাহ আল সাঈদ নিজস্ব প্রতিনিধি,বান্দরবান : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হিসেবে সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদিত ২৩৮টি আসনের প্রার্থীতার তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় বান্দরবান ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দীর্ঘদিনের রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বান্দরবান জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনের সূচনায় তিনি ১৯৮৫ সালে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৯ সালে বান্দরবান স্থানীয় সরকার পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং ১৯৯৬ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন,২০১৮সালেও বান্দরবান ৩০০নং আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

তার প্রার্থিতা ঘোষণার পরপরই বান্দরবান জেলা জুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতারা জানান, এই ঘোষণার মাধ্যমে দলের ভেতর নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আসন্ন নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.