বান্দরবানের সরিষার বাম্পার ফলন: তিন ফসল চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য
রিমন পালিত:সিনিয়র স্টাফ রিপোর্টার বান্দরবান: বান্দরবানের সুলতানপুর এলাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। প্রায় ৮০০ বিঘা জমিতে উন্নত জাতের বারি সরিষা–১৪ ও বারি সরিষা–২০ চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন কৃষকরা। এ সাফল্যের ফলে যেখানে আগে আমন ধান কাটার পর জমি পতিত পড়ে থাকত, সেখানে এখন একই জমিতে একসাথে তিনটি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে।
কৃষি গবেষণা বিভাগ সূত্রে জানা গেছে, বারি সরিষা–১৪ জাতের গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ১৫০০ কেজি এবং বারি সরিষা–২০ জাতের ফলন হেক্টরপ্রতি প্রায় ২০০০ কেজি। এসব জাতের সরিষা চাষে সময় লাগে মাত্র ৭৫ থেকে ৮০ দিন। সরিষা কাটার পর একই জমিতে সহজেই বোরো ধান আবাদ করা যাচ্ছে। ফলে আমন–সরিষা–বোরো—এই তিন ফসলের সমন্বয়ে কৃষকদের উৎপাদন ও আয় দুটোই বেড়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে। ২০২৪–২০২৫ অর্থবছরে ‘ইপক প্রকল্প’-এর আওতায় প্রথম ধাপে প্রায় ১৫০ বিঘা জমিতে সরিষা চাষ শুরু হয়। সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫–২০২৬ অর্থবছরে ‘পাটনার প্রকল্প’-এর আওতায় এই আবাদ সম্প্রসারিত হয়ে পৌঁছেছে প্রায় ৮০০ বিঘা জমিতে। পুরো কার্যক্রমটি শুধুমাত্র কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বান্দরবানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোঃ সেলিম বলেন, উন্নত জাত ও সঠিক ব্যবস্থাপনার ফলে পাহাড়ি অঞ্চলেও সরিষার উল্লেখযোগ্য ফলন পাওয়া যাচ্ছে। এতে কৃষকেরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ফসলি নিবিড়তা বাড়ছে।
তিনি আরও জানান, মাঠপর্যায়ে গবেষণা ও প্রযুক্তিগত সহায়তায় কাজ করছেন সুজন দাশ, বৈজ্ঞানিক সহকারী। নিয়মিত পরামর্শ, বীজ সরবরাহ ও চাষাবাদ পদ্ধতির দিকনির্দেশনার ফলে কৃষকেরা দ্রুত এই নতুন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠেছেন।

স্থানীয় কৃষক আযাত, মোঃ হারুন ও জসীম জানান,আগে আমন ধান কাটার পর জমি খালি পড়ে থাকত। এখন সরিষা চাষ করে অল্প সময়ে ভালো লাভ হচ্ছে। পরে আবার বোরো ধান লাগানো যাচ্ছে। এতে আমাদের আয় বেড়েছে, সংসারে স্বচ্ছলতা এসেছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সুলতানপুরের এই সাফল্য পাহাড়ি ও সমতল উভয় এলাকার কৃষকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। পরিকল্পিতভাবে প্রকল্পটি আরও বিস্তৃত করা গেলে বান্দরবানসহ আশপাশের অঞ্চলে তেলবীজ উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।