পাবনায় সহিংসতার শিকার নারী ও যুব নারীদের সংবেদনশীল সেবা বিষয়ে ডায়ালগ সেশন অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি: পাবনায় নারী ও যুব নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ, আইনগত সহায়তা ও সংবেদনশীল সেবা নিশ্চিতকরণ বিষয়ে এক ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মে পাবনা ওয়াইডব্লিউসিএ আয়োজিত “সহিংসতার শিকার নারী ও যুব নারীদের সংবেদনশীল সেবা প্রাপ্তি বিষয়ক” এ সেশনে যুব নারী, উদ্যোক্তা, এনজিও কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা ওয়াইডব্লিউসিএ’র সাধারণ সম্পাদক হেনা গোস্বামী। প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফ এমপাওয়ার হার প্রকল্পের ডিষ্ট্রিক হিউম্যান রাইটস্ মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানটি পরিচালনা করেন চামেলী রিতা কস্তা।
সেশনে বক্তারা বলেন, সহিংসতার শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি। আলোচনায় উঠে আসে—পারিবারিক সহিংসতা, বাল্যবিয়ে, যৌন হয়রানি, ধর্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের হয়রানি এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিক।

মূল আলোচক কামাল আহমেদ সিদ্দিকী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণ, যৌন নির্যাতন ও নারী সহিংসতার ঘটনায় কঠোর শাস্তির বিধান রয়েছে। তিনি জানান, বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়া বা এতে সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া ডিজিটাল মাধ্যমে হয়রানি, কুরুচিপূর্ণ ছবি বা অপপ্রচার চালানো হলে সাইবার ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, সহিংসতার শিকার নারীরা জেলা লিগ্যাল এইড অফিস, জাতীয় জরুরি সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, থানার নারী, শিশু ও জেন্ডার ডেস্ক এবং বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দ্রুত বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের নিরাপদ ও মানবিক সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.